বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা প্রতিনিধি,বাংলাদেশ ; শীতে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রয়োজনী সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।সোমবার(২১ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মাস্কের ব্যবহারে আরও সতর্ক হতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাস্ক ছাড়া নামাজ পড়তে দেখা যায়। জোহর ও মাগরিবের নামাজে মাস্ক পড়া নিয়ে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। অন্যান্য সময়ও মসজিদে নামাজ পড়ার সময় মাস্ক পড়তে হবে। এক্ষেত্রে গত কয়েক মাসের অভিজ্ঞতাকে কাজে লাগানোর তাগিদ দেন সরকার প্রধান।
মন্ত্রীসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরে করোনার সেকেন্ড ওয়েভ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এছাড়া মাস্কের ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে বাংলাদেশ পুনরায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দেয় কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রবিবার রাতে কমিটির সভাশেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মধ্যে শৈথিল্য দেখা যাচ্ছে।
এসব কারণে আমাদের দেশেও পুনরায় করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি সংক্রমণ হলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি রাখতে সরকারকে পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শ কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার নিম্নমুখী হলেও ‘স্বস্তিরথ জায়গায় পৌঁছেনি। কোভিড-১৯ চিকিৎসায় নিবেদিত কিছু হাসপাতালে শয্যা খালি থাকছে। অন্যদিকে অন্য রোগে আক্রান্ত মানুষের সংখ্যা রোজ বাড়ছে।

Post a Comment